স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটুক্তি : চকরিয়ায় বিক্ষোভ মিছিল | ছবি: NewsBangla.net
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটুক্তি : চকরিয়ায় বিক্ষোভ মিছিল চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে অশালীন, কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১ জুলাই) বিকালে চকরিয়া পৌরশহরে চকরিয়া উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল,কৃষক দল,ছাত্রদলের এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চকরিয়া শহরের প্রধান প্রধান সড়ক ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে মহাসড়কের চিরিঙ্গা থানা রাস্তার মাথা স্টেশন চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল,কৃষক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মুখে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান শোনা যায়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন,সালাহউদ্দিন আহমদ একজন পরিচ্ছন্ন ও অত্যন্ত জনপ্রিয় রাজনীতিবিদ। তিনি বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে দেশের আইন-শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাকে নিয়ে এমন অশালীন,মিথ্যা ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নেতারা বলেন,স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে দেওয়া অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও উদ্দেশ্য প্রণোদিত। চকরিয়া-পেকুয়া-মাতামুহুরীবাসী তথা কক্সবাজারের মানুষ এই ধরনের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই সহ্য করবে না। সালাহউদ্দিন আহমদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম,নিপীড়ন ও গুমের শিকার হয়েও জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। একটি কুচক্রী মহল তার ক্রমবর্ধমান রাজনৈতিক জনপ্রিয়তা ও সরকারের সফল কার্যক্রম দেখে ঈর্ষান্বিত হয়ে এসব মিথ্যা ও ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,ভবিষ্যতে এ ধরনের মানহানিকর বা উসকানিমূলক মন্তব্য করা হলে চকরিয়ার সচেতন জনতা ও দলীয় নেতাকর্মীরা তা রাজপথে দাঁতভাঙা জবাব দেবে। অবিলম্বে এ ধরনের অরাজনৈতিক ও অশালীন বক্তব্য প্রত্যাহার করে সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন-চকরিয়া উপজেলা যুবদল সভাপতি মোহাম্মদ জাকারিয়া,স্বেচ্ছাসেবক দল আহবায়ক কামরুল হাসান জাস্টিস,শ্রমিকদল সভাপতি নাছির উদ্দীন,কৃষক দল আহবায়ক মহিউদ্দিন পুতু,ছাত্রদল আহবায়ক রেজাউল করিম,যুবদল সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম,স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মিনহাজ উদ্দিন,শ্রমিক দল সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লাল্টু,কৃষক দল সদস্য সচিব আনোয়ারুল আজিম,ছাত্রদল সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানসহ সর্বস্তরের সাধারণ নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। এ কর্মসূচি ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে।