যৌন অসদাচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য রাষ্ট্রগুলো ভোটের মাধ্যমে সংস্থাটির প্রধান কৌঁসুলি করিম খানকে তার পদ থেকে অপসারণ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুইটি কূটনৈতিক সূত্র শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।
সংবেদনশীল বিষয় হওয়ায় পরিচয় গোপন রাখার শর্তে তারা জানান, আইসিসির ১২৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৮২টি দেশ করিম খানকে অপসারণের পক্ষে ভোট দিয়েছে। তবে করিম খান তার বিরুদ্ধে আনা যৌন অসদাচরণের অভিযোগ অস্বীকার করেছেন।
করিম খান আইসিসির প্রধান কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালনকালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগে নেতৃত্ব দেন।
ইসরাইল এসব অভিযোগ অস্বীকার করে আসছে। একই সঙ্গে দেশটির দাবি, করিম খানের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে তার আনা মামলাগুলোর বৈধতা প্রশ্নবিদ্ধ।
তবে শেষমেশ নিজের পদই হারালেন করিম খান।